ছিনাইহাণী মহাশ্মশানের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।
আগরতলা, ৯ জুন: প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক ও সুসজ্জিত রূপ পেল আগরতলা পৌর নিগমের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এয়ারপোর্ট রোডস্থিত ছিনাইহাণী মহাশ্মশান। মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত সৌন্দর্যায়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক দিলীপ কুমার দাস, ত্রিপুরা গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন দাস, কর্পোরেটর প্রদীপ চন্দ্র, কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন, কর্পোরেটর জগদীশ দাসসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পৌর নিগমের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা।

নব সংস্কারিত মহাশ্মশান পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনের কথা মাথায় রেখেই এই উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে মহাশ্মশানের পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যায়নের কাজ করা হয়েছে, যার ফলে শ্মশানযাত্রীদের জন্য আরও উন্নত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে।এদিন তিনি আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। মেয়র জানান, আগামী কয়েক দিনের মধ্যেই ছিনাইহাণী মহাশ্মশানে অত্যাধুনিক ইলেকট্রিক চুল্লি স্থাপনের কাজ শুরু হবে। প্রায় দেড় কোটি টাকার এই প্রকল্পের কাজ আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। ইলেকট্রিক চুল্লি চালু হলে শেষকৃত্য সম্পন্ন করার ক্ষেত্রে আধুনিক ও পরিবেশবান্ধব ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা এই উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কারের অপেক্ষায় থাকা মহাশ্মশানটি এখন অনেক বেশি পরিচ্ছন্ন, সুসংগঠিত ও ব্যবহার উপযোগী হয়ে উঠেছে।