চুরাইবাড়ি চেকপোস্টে তল্লাশি চালিয়ে উদ্ধার ১৪,১০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ; গ্রেপ্তার লরিচালক।
চুরাইবাড়ি, ১০ জুন: অসম-ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। আলু বোঝাই একটি লরির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল এই মাদকজাতীয় সিরাপ। উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাজারিছড়া থানার অধীন চুরাইবাড়ি চেকপোস্টে পাঞ্জাব নিবন্ধিত (PB08CX-5608) একটি ১২ চাকার লরি পৌঁছায়। রুটিন তল্লাশির সময় গাড়িটিতে আলুর বস্তা ছাড়া অন্য কিছু চোখে না পড়লেও পুলিশের সন্দেহ হওয়ায় আরও বিস্তারিতভাবে তল্লাশি চালানো হয়।

এক পর্যায়ে আলুর বস্তাগুলি সরাতেই বেরিয়ে আসে নিষিদ্ধ এস কফ সিরাপের কার্টন। লরি থেকে মোট ৯২টি কার্টন উদ্ধার করা হয়। এসব কার্টন থেকে সর্বমোট ১৪ হাজার ১০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ জব্দ করা হয়েছে।ঘটনায় লরির চালক যোগেশ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি পাঞ্জাবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, শিলিগুড়ি থেকে আলু নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছিল।পুলিশের অনুমান, উদ্ধার হওয়া কফ সিরাপের আন্তর্জাতিক ও কালোবাজারি মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং ত্রিপুরার কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানতেও তদন্ত শুরু করেছে পুলিশ।

চুরাইবাড়ি থানার ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে তদন্ত চলছে। ধৃত চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে।