খুমুলংয়ে টিটিএএডিসি এলাকার উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনা বৈঠকে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মাসহ কাউন্সিলের শীর্ষ নেতৃত্ব ও আধিকারিকরা।
নিজস্ব প্রতিনিধি | খুমুলং | ৯ জুন, ২০২৬টিপ্রা টেরিটোরিয়াল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে খুমুলং অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা।বৈঠকে উপস্থিত ছিলেন টিটিএএডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য (CEM) রানিয়েল দেববর্মা, কার্যনির্বাহী সদস্য (EM) চন্দ্র কুমার জমাতিয়া, বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং প্রকৌশলীরা।

সভায় টিটিএএডিসি এলাকার চলমান অবকাঠামোগত ও জনকল্যাণমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্পগুলির কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যে দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি, স্বচ্ছতা বজায় রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে জনজাতি অধ্যুষিত এলাকার সামগ্রিক উন্নয়ন, আধুনিক পরিকাঠামো নির্মাণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। ‘বিকশিত ত্রিপুরা’ গড়ার লক্ষ্যে রাজ্য সরকার এবং টিটিএএডিসি যৌথভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।

সভায় টিটিএএডিসি এলাকার জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুফল দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি উন্নয়নমূলক কাজের গতি বজায় রাখার সঙ্গে সঙ্গে গুণগত মান নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।সভায় বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতে উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।