আগরতলা পুর নিগমের ১ ও ২ নম্বর ওয়ার্ডে চলমান উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করছেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটর ও পুর নিগমের আধিকারিকরা
আগরতলা পুর নিগম এলাকার নাগরিক পরিষেবা আরও উন্নত করা এবং চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার ১ ও ২ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
পরিদর্শনকালে তিনি এলাকার বিভিন্ন রাস্তা, নিকাশি নালা এবং অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা প্রকল্পগুলির বর্তমান অবস্থা এবং দ্রুত কাজ সম্পন্ন করার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।
এদিন স্থানীয় বাসিন্দারাও মেয়রের কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এলাকার বেশ কয়েকটি রাস্তার বেহাল অবস্থা, খানাখন্দ এবং নিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণে প্রতিদিনের ভোগান্তির বিষয়টি তাঁরা মেয়রের নজরে আনেন। বর্ষা মৌসুমে এই সমস্যাগুলি আরও তীব্র আকার ধারণ করে বলেও অভিযোগ করেন বাসিন্দারা।

স্থানীয়দের বক্তব্য শোনার পর মেয়র নিজে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং দ্রুত সমস্যাগুলির সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি জানান, নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুর নিগম কাজ করে যাচ্ছে এবং অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলি দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিনের পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর মিত্রা রানী দাস মজুমদার, ২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন, পুর নিগমের প্রকৌশলী এবং অন্যান্য আধিকারিকরা।