আখাউড়া সীমান্ত এলাকার বাইপাস রোডে জলনিকাশি ব্যবস্থা ও রাস্তার অবস্থা পরিদর্শন করছেন মেয়র দীপক মজুমদার।
আগরতলা | ১৯ জুন, ২০২৬
বর্ষাকালে জল জমার সমস্যা এবং এলাকার সামগ্রিক পরিকাঠামোগত পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার (১৮ জুন) আগরতলা-আখাউড়া ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন বাইপাস রোড এলাকা সরেজমিনে পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।
পরিদর্শনকালে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিতু দে গুহ, আগরতলা পৌর নিগমের কমিশনার, নিগমের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং অন্যান্য আধিকারিকরা।
দীর্ঘদিন ধরেই বর্ষার সময় আগরতলা-আখাউড়া সীমান্ত সংলগ্ন বাইপাস রোড এলাকায় জল জমার সমস্যা দেখা দেয়। এদিন মেয়র ও নিগমের ইঞ্জিনিয়াররা এলাকার জলনিকাশি নালাগুলির বর্তমান অবস্থা, জল নিষ্কাশনের গতি এবং রাস্তার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি স্থানীয় নাগরিকদের যাতায়াত সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়েও নিগম আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মেয়র।

পরিদর্শনের সময় মেয়র দীপক মজুমদার ও উপস্থিত কর্পোরেটররা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন। এলাকাবাসীর বক্তব্যের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, সীমান্ত এলাকার বাসিন্দাদের দুর্ভোগ কমাতে আগরতলা পৌর নিগম বদ্ধপরিকর। বর্ষাকালে যাতে জল জমে জনজীবন ব্যাহত না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, একটি মাস্টার প্ল্যান তৈরি করে এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা বা জলনিকাশি সমস্যার স্থায়ী সমাধান করা হবে। পৌর নিগমের উদ্যোগে সীমান্ত এলাকার বাসিন্দারা খুব শীঘ্রই জলাবদ্ধতা ও রাস্তার খানাখন্দের সমস্যা থেকে মুক্তি পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
More Stories
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট, বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন নেতৃত্ব
আগস্টের মধ্যেই শেষ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ, আশাবাদী টিসিএ
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা