তেলিয়ামুড়ার কৃষ্ণপুর মণ্ডল এলাকায় লরি ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা।
তেলিয়ামুড়া | ১৯ জুন, ২০২৬
আসাম-আগরতলা জাতীয় সড়কে পথ দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এরই মাঝে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে তেলিয়ামুড়া এলাকায় ফের এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই যুবক।
জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ জাতীয় সড়কের ২৯ কৃষ্ণপুর মণ্ডল সংলগ্ন এলাকায় একটি বহিরাজ্যের দূরপাল্লার পণ্যবাহী লরির সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতরভাবে আহত হন।
আহতদের পরিচয় উদয় রিয়াং ও ক্ষত্রজয় রিয়াং বলে জানা গেছে। তাঁরা বিলাইহাম রিয়াং চৌধুরীপাড়া এলাকা থেকে চাকমাঘাটের দিকে যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা। তারা আহত দুই যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে দু’জনেই সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাঁদের শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে পড়েছে তেলিয়ামুড়া ট্রাফিক প্রশাসনের ভূমিকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়কের ব্যস্ত অংশগুলিতে পর্যাপ্ত নজরদারি, নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ভারী যানবাহনের গতিবিধির উপর কঠোর নজরদারির অভাবেই একের পর এক দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের দাবি, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। অন্যথায় ভবিষ্যতেও এ ধরনের দুর্ঘটনা এড়ানো কঠিন হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আসাম-আগরতলা জাতীয় সড়কের বিভিন্ন অংশে একের পর এক দুর্ঘটনার ঘটনা সামনে আসছে। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপদ সড়ক ব্যবস্থার দাবিও জোরালো হয়ে উঠেছে।
More Stories
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট, বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন নেতৃত্ব
আগস্টের মধ্যেই শেষ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ, আশাবাদী টিসিএ
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা