পাথারকান্দিতে পুলিশের অভিযানে উদ্ধার ৪৮ হাজার ইয়াবা ট্যাবলেট; গ্রেফতার তিন অভিযুক্ত।
চুরাইবাড়ি | ১৯ জুন, ২০২৬
অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের কালোবাজারি মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পাথারকান্দি থানার ওসি মানসজ্যোতি বড়ো এবং এসআই হীরকজ্যোতি দাসের নেতৃত্বে একদল পুলিশ চেরাগী এলাকার শেরপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদিরের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন রাতাবাড়ির গুলালকান্দি গ্রামের দুই যুবক জহরুল ইসলাম ও গুলজান হোসেন। পুলিশের ধারণা, তারা মাদক সংগ্রহের উদ্দেশ্যেই ওই বাড়িতে এসেছিল।
তল্লাশির সময় ঘরের সিলিংয়ে লুকিয়ে রাখা একটি সাদা বালতি উদ্ধার করা হয়। ওই বালতির ভিতরে চারটি বড় প্যাকেট, তিনটি ছোট হলুদ প্যাকেট এবং একটি নীল রঙের বড় প্যাকেটে মোড়ানো অবস্থায় মোট ৪৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পাশাপাশি মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২৪০টি প্লাস্টিকের কৌটাও জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল্য আনুমানিক ২ কোটি টাকা। এছাড়া অভিযুক্তদের কাছ থেকে একটি আইফোনসহ মোট পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

ঘটনার পর আব্দুল কাদির, জহরুল ইসলাম এবং গুলজান হোসেনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়। পরে তাদের আদালতে পেশ করা হলে আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়।
পাথারকান্দি মহকুমা পুলিশ আধিকারিক অর্ণিবান শর্মা জানান, এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া মাদকসামগ্রী ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
অসম পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে মাদক চক্রের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।
More Stories
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট, বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন নেতৃত্ব
আগস্টের মধ্যেই শেষ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ, আশাবাদী টিসিএ
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা