কৈলাসহরের রাঁচি টিলা এলাকায় ভিড় স্থানীয়দের—অভিযুক্ত দুই যুবককে ঘিরে উত্তেজনা চরমে
তারিখ: ৫ মে ২০২৬
কৈলাসহরের জলাই গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের রাঁচি টিলা এলাকায় খাসির মাংসের নামে গরুর মাংস বিক্রির গুরুতর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছেন দুই যুবক—মনসা মুন্ডা এবং সুজিত ভূমিজ, যারা দীর্ঘদিন ধরে এলাকায় মাংস বিক্রির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি তাদের কাছ থেকে মাংস কেনা কিছু মানুষের মধ্যে সন্দেহের উদ্রেক হয়। মঙ্গলবার দুপুরে ওই দুই যুবককে নিজ বাড়িতে গরুর মাংস কাটার সময় হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসীরা। এরপর উত্তেজিত জনতা তাদের মারধর করে এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালায়।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সমাজসেবী অপু শীলের সামনে অভিযুক্তরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে গরুর মাংসকে খাসির মাংস বলে বিক্রি করছিল। এরপর গ্রামবাসীরা তাদের কান ধরে ওঠবস করায় এবং মাথার চুল কেটে তথাকথিত ‘প্রায়শ্চিত্ত’ করানো হয়। জানা গেছে, আগামীকাল হরিনাম সংকীর্তনের মাধ্যমে তাদের পুনরায় ধর্মীয় আচার-অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

এই ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং ঘটনাস্থলে ভিড় জমেছে বহু মানুষের। তবে, পুরো বিষয়টিতে এখনও পর্যন্ত পুলিশকে জানানো হয়নি বলে জানা গেছে, যা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
বিশেষ করে, এই ঘটনায় অভিযুক্ত দুই যুবকের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তারা কতদিন ধরে এই কাজ চালিয়ে আসছিল, এবং গরুগুলি কোথা থেকে সংগ্রহ করা হতো—এসব বিষয় এখনও স্পষ্ট নয়।
আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাও নতুন করে বিতর্ক তৈরি করেছে। অনেকেই মনে করছেন, এমন গুরুতর অভিযোগের ক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি ছিল। এখন দেখার, এই ঘটনায় পরবর্তীতে প্রশাসন বা পুলিশ কী পদক্ষেপ নেয়।
রিপোর্ট: বিকাশ দাস
Editor, Prime 24 Tripura
editor@prime24tripura.com
