
আগরতলা, ৭ জুন: চুরি যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল আগরতলা পশ্চিম থানার পুলিশ। রবিবার পশ্চিম থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আদালতের নির্দেশিকা মেনে উদ্ধার হওয়া আনুমানিক ৩৫ লক্ষ টাকা মূল্যের ১৮০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং ২৫টি মোবাইল ফোন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক, পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি সহ অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিকরা।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক, পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি সহ অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিকরা।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার নমিত পাঠক জানান, গত ২৩ এপ্রিল এবং ৯ মে আগরতলা পশ্চিম থানায় দায়ের হওয়া দুটি পৃথক চুরির মামলার তদন্তে নেমে পুলিশ এই বিপুল পরিমাণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। তদন্ত চলাকালীন চুরি চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে অভিযান চালানো হয় এবং বিভিন্ন স্থান থেকে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, এই চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছে। তদন্তের মাধ্যমে চুরি হওয়া সামগ্রীর অধিকাংশই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মূল্যবান গহনা ও মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন প্রকৃত মালিকরা। তারা পুলিশের তৎপরতা ও দক্ষতার প্রশংসা করে কৃতজ্ঞতা জানান।পুলিশের এই সাফল্য সাধারণ মানুষের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা আরও বৃদ্ধি করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
