PRIME 24 TRIPURA

সত্যের পাশে, সবার আগে

আগরতলাকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে ‘স্বচ্ছতা অ্যাপ’ চালু, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

সোমবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অনুষ্ঠানে ‘স্বচ্ছতা অ্যাপ’-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্তসহ অন্যান্যরা।

আগরতলায় ‘স্বচ্ছতা অ্যাপ’ উদ্বোধন মুখ্যমন্ত্রীর, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ।

আগরতলা, সোমবার, ২২ জুন, ২০২৬:

আগরতলা শহরকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল ত্রিপুরা সরকার ও আগরতলা পৌর নিগম। সোমবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২৬’-এর আওতায় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের সংগঠনগুলির ভূমিকা শীর্ষক এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বলেন, শুধুমাত্র সরকারি উদ্যোগের মাধ্যমে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। এর জন্য সাধারণ মানুষের সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে এদিন মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘স্বচ্ছতা অ্যাপ’-এর উদ্বোধন করেন। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা সরাসরি বর্জ্য সংগ্রহ, পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা এবং অভিযোগ পৌর নিগমের কাছে পৌঁছে দিতে পারবেন। ফলে নাগরিক পরিষেবা আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।

পাশাপাশি পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের উৎসাহিত করতে একটি বিশেষ ‘স্বচ্ছতা স্লোগান’-এরও উন্মোচন করা হয়।

সরকার এবং আগরতলা পৌর নিগমের এই যৌথ উদ্যোগ শহরের কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার পাশাপাশি একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব আগরতলা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।