PRIME 24 TRIPURA

সত্যের পাশে, সবার আগে

খেলার ছলে বিপদ: বিষাক্ত খাবার খেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু অনিকেত, ছেলের প্রাণ ভিক্ষা চাইলেন সকলের কাছে অসহায় মা

জিবি হাসপাতালের শিশু বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন ছোট্ট অনিকেত দাস—ছেলের প্রাণ বাঁচাতে সকলের সাহায্য কামনা অসহায় মায়ের।

খেলার ছলেই নেমে এলো ভয়াবহ বিপদ। রাজধানী আগরতলার প্রতাপগড় থানাধীন সুভাষ নগর এলাকায় বিষাক্ত খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে অনিকেত দাস নামে এক শিশু।পরিবার সূত্রে জানা যায়, আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে বাড়ির আশপাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে আচমকা কোনও বিষজাতীয় খাবার খেয়ে ফেলে অনিকেত। কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরিস্থিতি আঁচ করে পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যান।হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থার আরও অবনতি হলে শিশুটিকে জিবি হাসপাতালের শিশু বিভাগের আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে সে শিশু বিভাগের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। তবে চিকিৎসকদের মতে, অনিকেতের উন্নত চিকিৎসার জন্য তাকে বহিরাজ্যে রেফার করা প্রয়োজন।

কিন্তু পরিবারের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় যে বহিরাজ্যে চিকিৎসা করানো তো দূরের কথা, রাজ্যের মধ্যেই চিকিৎসা চালিয়ে যাওয়াটাও তাদের কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে সাহায্যের আবেদন জানিয়েছেন অনিকেতের মা। সন্তানের প্রাণভিক্ষা চাইছেন এক অসহায় জন্মদাত্রী মা।রাজ্যবাসীর সহানুভূতি ও সহযোগিতায় যেন আবার নতুন জীবন ফিরে পায় ছোট্ট অনিকেত—এই আশাতেই দিন কাটছে তার পরিবারের।