পশ্চিম চান্পামুড়ায় পুলিশের বড় সাফল্য—এক বাড়ি থেকে উদ্ধার ৫০০ বোতল এস কপ।

গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে পশ্চিম চান্পামুড়া এলাকায় অভিযান চালিয়ে এক বাড়ি থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করল পুলিশ। অভিযানে ওই বাড়ি থেকে প্রায় ৫০০ বোতল এস কপ (কাফ সিরাপ) উদ্ধার করা হয়।এই ঘটনায় সুভাষ চন্দ্র দাস (বয়স ৪৭) এবং সমির দাস (বয়স ৪০) নামে দুই ব্যক্তিকে নেশা সামগ্রী সহ আটক করে পূর্ব থানায় নিয়ে যায় পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, উদ্ধার হওয়া এস কপ অবৈধভাবে মজুত ও পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে সন্দেহ।ঘটনার বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ। তিনি জানান, নেশা বিরোধী অভিযানের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয় এবং ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
