তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার- আগরতলা: অমৃত প্রকল্পের অধীনে আগরতলা পুর নিগমের ৪৩ নং ওয়ার্ডের উদ্যোগে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঋষি কলোনি এলাকায় পুনরুজ্জীবিত ও সৌন্দর্যায়িত পুকুরের শুভ উদ্বোধন করা হলো সোমবার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুকুরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা। তিনি বলেন, শহরের প্রাচীন জলাশয়গুলিকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। অমৃত প্রকল্পের মাধ্যমে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, পরিবেশ রক্ষা ও টেকসই নগর গঠনের লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা এই পুকুরটি সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পাড় বাঁধানো, চারপাশে সবুজায়ন, বসার ব্যবস্থা ও আলোকসজ্জার মাধ্যমে নতুন রূপ পেয়েছে। ফলে এটি এখন এলাকাবাসীর জন্য এক মনোরম পরিবেশে পরিণত হয়েছে। স্থানীয়দের মতে, পুকুরটি পুনরুজ্জীবিত হওয়ায় বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি শিশু-কিশোর ও প্রবীণদের অবসর যাপনের জন্য এটি একটি নিরাপদ ও সুন্দর স্থান হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দাত্ত সহ পুর নিগমের অন্যান্য জনপ্রতিনিধি, আধিকারিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এলাকাবাসীরা জানান, বহুদিনের প্রত্যাশা পূরণ হয়েছে এই উদ্যোগের মাধ্যমে। তারা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে পুকুরটির রক্ষণাবেক্ষণে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন। অমৃত প্রকল্পের এই উন্নয়নমূলক কাজ প্রতাপগড় ঋষি কলোনি এলাকায় এক নতুন মাত্রা যোগ করেছে বলে মত প্রকাশ করেন উপস্থিতরা।

