আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে কলকাতা-ঢাকা-আগরতলা বাসের যাত্রীদের স্বাগত জানাচ্ছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
২৪শে ফেব্রুয়ারি ২০২৬, আগরতলা- দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো আগরতলা-ঢাকা-কলকাতা এবং কলকাতা-ঢাকা-আগরতলা আন্তর্জাতিক বাস পরিষেবা। সোমবার আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে কলকাতা থেকে ঢাকা হয়ে আগত বাসটির যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।এই উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন টিআরটিসি চেয়ারম্যান সমর রায়, এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন , মৈত্রী ছাড়া উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। মৈত্রী, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও মজবুত হয়। এটাই বাস্তবতা ও আপ্ত সত্য।

মন্ত্রী আরও বলেন, আগরতলা-ঢাকা-কলকাতা ও কলকাতা-ঢাকা-আগরতলা বাস পরিষেবা দুই দেশের মধ্যে বন্ধুত্ব, বিশ্বাস ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে এই ধরনের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ বিরতির পর পরিষেবা পুনরায় চালু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আশা ব্যক্ত করেন যে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।তিনি বাসযাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁদের যাত্রা যেমন সফল ও মঙ্গলময় হোক, তেমনি দুই দেশের যৌথ অগ্রযাত্রাও শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যাক।

এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন টিআরটিসি চেয়ারম্যান সমর রায় সহ এলাকার কর্পোরেটর মেয়র ইন কাউন্সিল এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এই আন্তর্জাতিক বাস পরিষেবা উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে সরাসরি যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত। পরিষেবা পুনরায় চালু হওয়ায় যাত্রী ও ব্যবসায়ী মহলে ইতিবাচক সাড়া পড়েছে।

